সারাদেশের আটটি বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
তবে এই বৃষ্টির রেশ খুব বেশিদিন থাকবে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে এবং এর ফলে তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে। পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক হয়ে এলে গরমের তীব্রতা আরও বাড়তে পারে। গত কয়েক দিনের বিচ্ছিন্ন বৃষ্টির কারণে বর্তমানে জনজীবনে গরমের তীব্রতা কিছুটা কম রয়েছে।
রিপোর্টারের নাম 

























