ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর টেলিফোনে আলাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ফোনালাপে দুই নেতা চলমান যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিবৃতিতে জানানো হয়, এরদোয়ান এই যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন যে, দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর এই দুই সপ্তাহের বিরতি একটি স্থায়ী শান্তিচুক্তির পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ তৈরি করেছে। এই সময়টিকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে তিনি সতর্ক করেন যে, কোনো পক্ষই যেন এই শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন কোনো উসকানিমূলক পদক্ষেপ না নেয়।
এরদোয়ান আরও উল্লেখ করেন যে, একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানসহ বিভিন্ন বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক। উল্লেখ্য, মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া ১০ দফার একটি প্রস্তাবকে ‘কার্যকর’ অভিহিত করে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। ইরানের নিরাপত্তা পরিষদের দাবি অনুযায়ী, এই প্রস্তাবে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
রিপোর্টারের নাম 






















