উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর অনেক মিত্র দেশের কর্মকাণ্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই হতাশ বলে জানিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটে। সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পর এই তথ্য সামনে আসে।
বৈঠকের বিষয়ে রুটে জানান, ট্রাম্প ন্যাটোর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, অতীতে যখন প্রয়োজন ছিল তখন ন্যাটোকে পাশে পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও তারা পাশে থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুটে বলেন, ট্রাম্প জোট ছেড়ে যাওয়ার সরাসরি হুমকি না দিলেও তার বক্তব্যে মিত্রদের ওপর গভীর অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে।
তবে ন্যাটো প্রধান ট্রাম্পের এই অসন্তুষ্টির পেছনে কিছুটা যৌক্তিকতা রয়েছে বলে মনে করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলো বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে—যেমন সামরিক ঘাঁটি ও আকাশপথ ব্যবহারের অনুমতি। তবে ইরানের পারমাণবিক সক্ষমতা মোকাবিলা করার মতো বড় চ্যালেঞ্জগুলো বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের পক্ষেই সামাল দেওয়া সম্ভব।
মার্ক রুটে ট্রাম্পের সঙ্গে তার এই আলোচনাকে ‘অত্যন্ত খোলামেলা ও সোজাসাপ্টা’ হিসেবে বর্ণনা করেছেন। বৈশ্বিক এই রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান জোটের ভবিষ্যৎ সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















