মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসনে যুক্তরাষ্ট্রকে একটি পরিষ্কার সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ওয়াশিংটনকে হয় যুদ্ধবিরতি বেছে নিতে হবে, না হয় ইসরায়েলের মাধ্যমে সংঘাত চালিয়ে যেতে হবে। এই দুটি বিষয় কখনোই একসঙ্গে চলতে পারে না।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাগচি উল্লেখ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির শর্তগুলো অত্যন্ত স্পষ্ট। তিনি লেবাননে চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে বলেন, বিশ্ব এখন দেখছে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কি না। বর্তমানে পরিস্থিতির দায়ভার সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের ওপর বর্তাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যেকোনো কার্যকর যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে হবে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি ইতোমধ্যেই সমঝোতার অংশ ছিল, যা বর্তমানে ইসরায়েলের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 






















