বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটি নিয়ে জাতীয় সংসদে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার সংসদে আলোচনার এক পর্যায়ে তিনি বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ হিসেবে অভিহিত করেন। কমিটিতে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিসিবিকে দলীয়করণের হাত থেকে মুক্ত করার কথা থাকলেও বর্তমানে সেখানে রাজনৈতিক নেতাদের আত্মীয়-স্বজনদের ভিড় বাড়ছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ না করে প্রতিষ্ঠানটিকে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, বিগত সরকারের অনিয়ম দূর করতেই তামিম ইকবালের নেতৃত্বে এই সংস্কারমুখী কমিটি গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। তিনি হাসনাত আবদুল্লাহর মন্তব্যের জবাবে পাল্টা যুক্তি দিয়ে বলেন, এখানে কোনো স্বজনপ্রীতি করা হয়নি, বরং যোগ্য ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদে বিসিবি নিয়ে এই বাদানুবাদ দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 
























