যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন বা হিজবুল্লাহর বিষয়টি অন্তর্ভুক্ত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আলোচনার ভিত্তিতেই এই অবস্থান নেওয়া হয়েছে।
লেভিট আরও জানান, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই যুদ্ধবিরতি প্রক্রিয়ার একজন গুরুত্বপূর্ণ অংশীদার এবং তিনি এই উদ্যোগকে সমর্থন করেছেন। তবে ভবিষ্যতে লেবাননকে এই চুক্তির আওতায় আনা সম্ভব কি না, তা নিয়ে বর্তমানে আলোচনা চলমান রয়েছে। এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানের সঙ্গে চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে হামলা বন্ধ রাখা হয়েছিল, কিন্তু ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলা আরও তীব্র করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
রিপোর্টারের নাম 





















