লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আলী হোসেনের (৩৮) মরদেহ দীর্ঘ ১৭ ঘণ্টা পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে সীমান্ত পিলার ৮৬৮/৩ এলাকায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
নিহত আলী হোসেন উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ধবলগুড়ি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আলী হোসেন প্রাণ হারান। পরে ভারতের মাথাভাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাতে পাটগ্রাম থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়।
বিএসএফের দাবি, কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে তাদের সতর্ক করতে গুলি চালানো হয়। হস্তান্তরের সময় বিজিবির নায়েব সুবেদার মো. আমিরুল ইসলাম এবং বিএসএফের শ্রীমুখ কোম্পানি কমান্ডার রাজেশ কুমার ইয়াদবসহ উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাত ৯টার দিকে মরদেহটি নিহতের বড় ভাইয়ের কাছে হস্তান্তর করে পুলিশ।
রিপোর্টারের নাম 
























