বাংলাদেশে উচ্চশিক্ষা খাতে যৌথ উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বিদ্যমান নীতিমালা সহজীকরণের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত রাইট অনারেবল ব্যারোনেস উইন্টারটন অব ডনকাস্টার ডিবিই। তিনি মনে করেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব চুক্তি সহজ করতে ক্রস-বর্ডার হায়ার এডুকেশন গাইডলাইন সংশোধন করা প্রয়োজন।
বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এই প্রস্তাব দেন। সভায় ব্রিটিশ হাই কমিশন ও ব্রিটিশ কাউন্সিলের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক পরিচালক সাকিব এরশাদ, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান ও একই প্রতিষ্ঠানের হেড অব এডুকেশন তৌফিক হাসান।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন।
সভায় ব্রিটিশ প্রতিনিধিরা জানান, যুক্তরাজ্যের বহু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো উপকৃত হচ্ছে এবং শিক্ষার মান বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তারা আরও জানান, বাংলাদেশেও ক্রস-বর্ডার হায়ার এডুকেশন ও ট্রান্সন্যাশনাল এডুকেশনের আওতায় যৌথ ডিগ্রি, ডুয়েল ডিগ্রি, স্টাডি সেন্টার বা ব্রাঞ্চ ক্যাম্পাস চালু করা হলে মূল ক্যাম্পাসের শিক্ষার মান অক্ষুণ্ণ রাখা সম্ভব।
তবে, বিদ্যমান গাইডলাইন জটিলতা ও প্রক্রিয়াগত বিলম্বের কারণে অনেক ব্রিটিশ বিশ্ববিদ্যালয় আগ্রহ থাকা সত্ত্বেও বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ করতে পারছে না বলে তারা উল্লেখ করেন। এ ক্ষেত্রে নীতিমালা সংশোধনে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করে ব্রিটিশ প্রতিনিধি দল। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতাকে ইউজিসি স্বাগত জানায়।
রিপোর্টারের নাম 
























