জুলাই বিপ্লবের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারক মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর মঈনুল করিম জানিয়েছেন, অভিযুক্ত সকলেই মামলার সঙ্গে সম্পৃক্ত ছিল এবং ২৫ জন সাক্ষী ট্রাইবুনালে উপস্থাপন করা হয়েছে। বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং আবু সাঈদের বাবা মকবুল হোসেনও সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন পর্যাপ্ত তথ্য-উপাত্ত দিয়ে আসামিদের অপরাধ অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং আশা করেন আসামিরা তাদের অপরাধের অনুযায়ী শাস্তি পাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। সে সময় রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) সাবেক সহকারী কমিশনার আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের পাঁচ সদস্য আবু সাঈদের মাথায় আঘাত করেন এবং সাবেক এএসআই আমির হোসেন তাকে গুলি করেন। পরবর্তীতে কনস্টেবল সুজন চন্দ্র রায় তাকে পরপর দুটি গুলি করেন। হাসপাতালে নেওয়ার পথে আবু সাঈদ মৃত্যুবরণ করেন। এই মামলায় গত ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষে রায়ের দিন নির্ধারণের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।
রিপোর্টারের নাম 
























