খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিউটন চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের আকবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নিউটন চাকমা (৪৭) রাঙামাটি জেলার মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় বসবাস করতেন এবং আকবাড়ি এলাকায় কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, সকালে সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় অবস্থানকালে নিউটন চাকমা সহ আরও একজনকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় ৮ জনের একটি সশস্ত্র দল। এই হামলায় ঘটনাস্থলেই নিউটন চাকমা নিহত হন। তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। ইউপিডিএফ (প্রসীত) কেন্দ্রীয় সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেছেন যে, ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে পরিচিত তাদের প্রতিপক্ষ সশস্ত্র গ্রুপের সদস্যরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
তবে, এই অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। দলটির কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের হতে পারে। তারা আরও দাবি করেছে যে, এলাকাটি ইউপিডিএফের নিয়ন্ত্রিত এলাকা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নিহত নিউটন চাকমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয়দের ধারণা, পার্বত্য অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের আধিপত্য ও প্রভাব বিস্তার নিয়ে যে বিরোধ চলছে, তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রিপোর্টারের নাম 




















