জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আইনের ২১ ধারা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো এক ইমেইলে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই অ্যাডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন সম্পন্ন করবে বলে জানিয়েছেন এনএসসি পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।
এনএসসি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিনুল এহসান বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য দুর্বলতা ও অনিয়ম ছিল।’
তিনি আরও জানান, গঠিত অ্যাডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সঙ্গে, আগামী তিন মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে এই অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটির সদস্যরা আগামী বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে বিসিবি গঠনতন্ত্রে এমন কোনো নিয়ম না থাকায় তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























