মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি ও অবৈধ মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান নিজেই সাধারণ ক্রেতার ছদ্মবেশে এই অভিযান পরিচালনা করেন। সোমবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর সেতু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় পেট্রোল ও অকটেন অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ আসছিল। সত্যতা যাচাই করতে ওসি আব্দুল হান্নান সাধারণ পোশাকে ক্রেতা সেজে ওই দোকানে যান। সেখানে প্রতি লিটার অকটেন ২৫০ টাকা দাবি করলে তিনি হাতেনাতে ব্যবসায়ী জাকির হোসেনকে আটক করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি ঘটনাস্থলে উপস্থিত হন।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এলাকার অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























