২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই বিশেষ সভায় সাধারণ শিক্ষা বোর্ড ছাড়াও মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রসচিবরা অংশগ্রহণ করবেন। সভায় যোগ দিতে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার রাতেই লঞ্চযোগে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন এবং আজ সকালে সেখানে পৌঁছান।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন পরীক্ষাগুলোর মানোন্নয়ন এবং কেন্দ্র ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে শিক্ষামন্ত্রী কেন্দ্রসচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। সভার গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট সকল কেন্দ্রসচিবকে যথাসময়ে উপস্থিত থাকতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























