গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার পাটগাতি ইউনিয়নে অবস্থিত টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬(ক) ধারা অনুযায়ী এই দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক তাসনীম দোহা।
অভিযানের অংশ হিসেবে আশপাশের এলাকায় বাজার মনিটরিংও করা হয়। খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হয়, যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায়ের ঘটনা না ঘটে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 





















