দেশে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়লেও তা মোকাবিলায় প্রয়োজনীয় বাজেটের ঘাটতি রয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ খাতে টেকসই অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার এক ওয়েবিনারে বক্তারা বলেন, দেশের মোট মৃত্যুর ৭১ শতাংশই এখন অসংক্রামক রোগের কারণে ঘটছে, যা উদ্বেগের বিষয়।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় উচ্চ রক্তচাপ বর্তমানে এক নম্বরে রয়েছে। অথচ স্বাস্থ্য খাতের মোট বাজেটের মাত্র ৪.২ শতাংশ বরাদ্দ দেওয়া হয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে। পর্যাপ্ত অর্থের অভাবে কমিউনিটি ক্লিনিকগুলোতে উচ্চ রক্তচাপের ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, ফলে প্রান্তিক মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মোঃ এনামুল হক জানান, দেশের সকল মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাজেট বরাদ্দ বৃদ্ধির বিকল্প নেই। বিশেষ করে উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতক নিয়ন্ত্রণে পরিকল্পিত ও দক্ষ ব্যবস্থাপনা জরুরি। নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে পারলে অকাল মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 

























