অফিস সময়ের শুরুতেই সরকারি কর্মকর্তাদের উপস্থিতি যাচাই করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) আকস্মিক ঝটিকা সফর করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (৬ এপ্রিল) সকালে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই তিনি দপ্তরে উপস্থিত হন। তবে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে দেখা যায় ভিন্ন চিত্র; সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গেই প্রতিমন্ত্রীর নির্দেশে এলজিইডির প্রধান ফটকসহ সবকটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দেরিতে আসা কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে ঢুকতে না পেরে গেটের সামনে ভিড় জমান। অনেক কর্মচারী আকস্মিক এই অভিযানে হকচকিত হয়ে পড়েন। প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে হাজিরা খাতা এবং কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অনুপস্থিতদের তালিকা তৈরি করার নির্দেশ দেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম অসন্তোষ প্রকাশ করে বলেন, যেখানে প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সঠিক সময়ে অফিস করছেন, সেখানে মাঠপর্যায়ের দপ্তরে এমন অনিয়ম মেনে নেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সেবায় নিয়োজিত দপ্তরগুলোতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 






















