জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পাকিস্তানে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী ইসলামাবাদসহ জনবহুল প্রদেশগুলোতে এক মাসের জন্য সরকারি গণপরিবহনে বিনা মূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মূলত গণবিক্ষোভ ও জনরোষ থেকে বাঁচতেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশাসন এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে পেট্রোলের দাম একলাফে ৪২ শতাংশের বেশি বাড়িয়ে ৪৮৫ রুপি করা হলে দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়। পরবর্তীতে তীব্র প্রতিবাদের মুখে সরকার পেট্রোলের দাম কিছুটা কমিয়ে ৩৭৮ রুপি নির্ধারণ করলেও ডিজেলের দাম এখনো সাধারণের নাগালের বাইরে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাবেই পাকিস্তানে এই অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। অন্তত এক মাস এই ভর্তুকি ও যাতায়াত সুবিধা বহাল থাকবে। তবে ডিজেলের আকাশচুম্বী দামের কারণে পণ্য পরিবহন ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















