রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে বড় ধরনের ত্রুটির অভিযোগ উঠেছে। পরীক্ষায় নির্ধারিত পাস নম্বর পেয়েও কয়েকশ শিক্ষার্থীকে ‘ফেল’ দেখানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাসের জন্য ন্যূনতম ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছিল। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবশ্যিক ও ঐচ্ছিক অংশে আলাদাভাবে নির্দিষ্ট নম্বর পাওয়ার শর্ত থাকলেও অবিজ্ঞান শাখার জন্য এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। তবে অভিযোগ উঠেছে, ফলাফল তৈরির সময় অবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ওপরও বিজ্ঞান শাখার শর্তগুলো প্রয়োগ করা হয়েছে, যার ফলে অনেক যোগ্য শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে হুমায়রা আক্তার লিজা জানান, তিনি ৫৪.৫০ নম্বর পেয়েও ফলাফলে তাকে অকৃতকার্য দেখানো হয়েছে। এর ফলে তিনি পরবর্তী ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারাচ্ছেন। একইভাবে ৪৬.৫০ নম্বর পাওয়া খেলোয়াড় কোটার শিক্ষার্থী শেখ সাইমুজ্জামান এবং ৪৪ নম্বর পাওয়া মো. ফরহাদ হোসেনও একই অভিযোগ তুলেছেন। তারা দ্রুত এই ত্রুটিপূর্ণ ফলাফল সংশোধন করে সঠিক মেধা তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম জানান, ফলাফল নিয়ে কিছু অভিযোগ তারা পেয়েছেন। তবে সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ইউনিট কর্তৃপক্ষ। ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 





















