মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে কাজাখস্তান থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। গত শনিবার (৪ এপ্রিল) ছুটির দিনে অর্থমন্ত্রী আমিরর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সভায় মোট ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রোল আমদানির তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে কাজাখস্তানের প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ৫ লাখ টন হাই স্পিড ডিজেল (এইচএসডি) বা অটোমোটিভ গ্যাস অয়েল (এজিও) আমদানির প্রস্তাবটি কমিটি অনুমোদন করে। এছাড়া, সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
তবে, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিও থেকে ১০ লাখ টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল ও ১ লাখ টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (পেট্রোল) আমদানির একটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিলেও, পরবর্তীতে জ্বালানি বিভাগ তা ক্রয় কমিটি থেকে প্রত্যাহার করে নেয়। একইসাথে, ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল আমদানির আরেকটি প্রস্তাবও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিলেও, জ্বালানি বিভাগ সেটিও ক্রয় কমিটি থেকে প্রত্যাহার করে নিয়েছে।
রিপোর্টারের নাম 
























