বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের অংশীদারিত্ব ও মতামতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রথমবারের মতো গঠিত হয়েছে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ (প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল)। দেশের শীর্ষ ৯টি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সমন্বয়ে এই দশ সদস্যের পরিষদ গঠন করা হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতের উন্নয়নে এই যুগান্তকারী পরিষদ গঠন করেছেন। এর মাধ্যমে দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং সংস্কার অগ্রাধিকার নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সুসংগঠিত মতামত দিতে পারবেন। সরকারপক্ষ থেকে বিডা সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে এবং প্রস্তাবিত কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।
পরিষদের সদস্যরা হলেন: এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জাব্বার, র্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
বিডা আরও জানিয়েছে, এই কাউন্সিলের প্রথম সভা আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বৈঠকে কাউন্সিলের সদস্যরা এই ফোরাম প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ এবং বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে একটি উন্মুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার মানসিকতাকে সাধুবাদ জানান। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই পরিষদ গঠনকে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























