বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করে, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় মাইজদী হাউজিং বালুর মাঠে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, যারা ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং ১৯৭১ সালের গৌরবোজ্জ্বল ইতিহাসকে অস্বীকার করে অতীতে ফিরে যেতে চায়, তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, যারা প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বেহেশতের টিকিটের প্রলোভন দেখিয়ে তাদের ঈমান-আকিদা নষ্ট করছে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মওদুদী একসময় বলেছিলেন যুদ্ধের ময়দানে মা-বোনেরা নাকি গনিমতের মাল, যা ইসলাম সমর্থন করে না। বেহেশতের টিকিট কেউ বিক্রি করতে পারে না, এমনকি স্বয়ং আল্লাহর রাসুলও এমন প্রতিশ্রুতি দেননি। তিনি বলেন, যারা আজ গরিব মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে ভোট আদায় করছে, তারা ইসলামকে বিদায়াত পথে নিয়ে গেছে এবং মানুষের ঈমান-আকিদা নষ্ট করেছে। আল্লাহ তাদের বিচার করবেন।
মেলাটির উদ্বোধন করেন দি নোয়াখালী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ আলম মতিন। অনুষ্ঠানে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরওয়ার উদ্দিন, নোয়াখালী সদর সার্কেল মো. লিয়াকত আকবর, নোয়াখালী চেম্বার অফ কমার্সের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম এবং নোয়াখালী চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 





















