ইডেন কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তার এই জামিন মঞ্জুর করেন।
আসামি অন্তুর আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জামিনের জন্য আদালতে শুনানি করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত অন্তুর জামিন মঞ্জুর করেন। মামলার বাদী ওই দিন আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে, গত বুধবার রাতে ওই ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে গুলশান এভিনিউ থেকে পুলিশ জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এবং জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
মামলার সূত্রে জানা যায়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে গিটার ক্লাসের সূত্র ধরে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সম্পর্ক ভেঙে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত ২৭ মার্চ সন্ধ্যায় একটি পণ্যের ফটোশুটের জন্য জাহিদ অন্তু ওই ছাত্রীকে তার বাসায় যেতে বলেন। পরদিন সন্ধ্যায় তিনি গুলশানে জাহিদের বাসায় যান। সেখানে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালান বলে অভিযোগ। ছাত্রীটি বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন, এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয়। পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বেরিয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
রিপোর্টারের নাম 

























