ইন্দোনেশিয়ার উত্তর মালুক্কা সাগর অঞ্চলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল তেরনাতে শহর থেকে ১২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভূমিকম্পের পর পরই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলীয় এলাকায় এক মিটারের বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া জাপান, তাইওয়ান এবং পাপুয়া নিউগিনির উপকূলে সামান্য উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভূমিকম্পের সময় উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাদো শহরে তীব্র কম্পন অনুভূত হয়। আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগে ২০০৪ এবং ২০১৮ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল।
রিপোর্টারের নাম 






















