বরিশাল নগরীর রুপাতলী এলাকায় সিটি কর্পোরেশন থেকে প্ল্যান পাস না করিয়ে, ড্রেনেজ ব্যবস্থা না রেখে এবং কোনো প্রকার জায়গা না ছেড়েই জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ফারুক হোসেনের বিরুদ্ধে। এই নির্মাণ কাজে তাকে পুরোপুরি সহযোগিতা করার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৪নং ওয়ার্ড সভাপতি ও ফারুক হোসেনের ভায়রা জাকির কাফরার বিরুদ্ধে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে নির্মাণকাজ তদারকি করছেন বলেও অভিযোগ রয়েছে। প্ল্যানবিহীন এই বাড়ি নির্মাণ নিয়ে আপত্তি জানিয়ে প্রতিবেশী মো. আমির হোসেন সিটি কর্পোরেশনে লিখিত অভিযোগ করার পরও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি নগরীর কর্নকাঠী এলাকার মৃত শাহাদত আলী মৃধার ছেলে মো. ফারুক হোসেন নগরীর ২৪নং ওয়ার্ডের রুপাতলী মৌজার জেএল নং ৫৬, এসএ দাগ-৬৮৮, বিএস-৩০৩৬ নং দাগে কিছু জমি ক্রয় করেন। এরপর তিনি সিটি কর্পোরেশনের প্ল্যান ও অনুমতি ছাড়াই ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন। শুধু প্ল্যান ছাড়াই বাড়ি নির্মাণ নয়, পাশে কোনো প্রকার জায়গা না ছেড়ে এবং কোনো রকম ড্রেনেজ ব্যবস্থা না রেখেই তিনি ভবন নির্মাণ করছেন।
প্রতিবেশী মো. আমির হোসেন স্থানীয় লোকজন নিয়ে ফারুক হোসেনকে একাধিকবার নিষেধ করার পাশাপাশি সিটি কর্পোরেশনের নিয়ম ও আইন মেনে পার্শ্ববর্তী ভবনের নিয়ম অনুযায়ী পিলার স্থাপনের অনুরোধ করেন। কিন্তু ফারুক হোসেন তাদের দাবিকে উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যান। উল্টো তিনি তার আত্মীয় ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৪নং ওয়ার্ড সভাপতি জাকির কাফরার প্রভাব খাটিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। ইমারত নির্মাণ বিধিমালা তোয়াক্কা না করে বেআইনিভাবে মাঝরাত পর্যন্ত ভবনের পিলার ঢালাইসহ কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রতিবেশী মৃত আদম আলীর ছেলে মো. আমির হোসেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে সিটি কর্পোরেশনে অভিযোগ জানানোর পরেও তিনি কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, সিটি কর্পোরেশন এলাকায় কোনো পাকা স্থাপনা করতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি নেওয়া আবশ্যক। কিন্তু তার প্রতিবেশী ফারুক হোসেন কোনো রকম অনুমোদন ছাড়াই তার বসত বাড়ির সীমানায় ভবন নির্মাণ করছেন এবং সেখানে কোনো ড্রেনেজ ব্যবস্থাও রাখা হয়নি।
রিপোর্টারের নাম 























