নওগাঁয় গ্যারেজে রাখা একটি বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে কালুর গ্যারেজে রাখা বিআর সুপার পরিবহন বাসের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বিআর সুপার পরিবহন বাসের হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বিআর সুপার পরিবহন বাসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকালে বাসটি মেরামতের জন্য বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ চলছিল। রাতের খাবার খেয়ে জাহিদ তার আরেক সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন।
পরদিন সকালে ইউসুফ তাকে ঘুম থেকে উঠানোর জন্য অনেকবার ডাকাডাকি করলেও তার কোনো সাড়া মেলেনি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খোরশেদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রিপোর্টারের নাম 
























