বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক এই নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার বদরপুর এলাকায় সোহেল তালুকদারের বাড়িতে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। মোটরসাইকেলটির মালিক স্থানীয় বাসিন্দা তানভির ইসলাম। রাত প্রায় ১টার দিকে জিহাদুল ইসলাম খান ওই মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করলে টহলরত পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।
তার বক্তব্যে অসংগতি থাকায় পুলিশ মোটরসাইকেলের মালিককে ডেকে আনেন। মালিক এসে নিশ্চিত করেন যে, তালা ভেঙে মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এরপর পুলিশ মোটরসাইকেলসহ জিহাদকে আটক করে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম বাদী হয়ে রবিবার থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম জানান, ঋণ নিয়ে তিনি মোটরসাইকেলটি কিনেছেন এবং এটি ভাড়ায় চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। মোটরসাইকেলটি হারিয়ে গেলে তার পরিবার চরম বিপদের মুখে পড়ত। দ্রুত পদক্ষেপ নিয়ে গাড়িটি উদ্ধার করায় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের পদে থাকলেও তার বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে জিহাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























