বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সরকারি বরিশাল কলেজের মাস্টার্সের ছাত্র সাইদুল ইসলাম সজিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সজিব বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের বাসিন্দা আবুল হোসেন খানের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা। এর আগে গত শনিবার সজিব ও তার পরিবারের সদস্যদের উপর এই হামলা চালানো হয়েছিল।
নিহত সাইদুল ইসলাম সজিবের বাবা আবুল হোসেন খান জানান, গত শনিবার সকালে তাদের বসতবাড়ীর জমি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকান ঘর তোলার কাজ শুরু করলে একই গ্রামের মো. মিলন খান তার ৮-১০ জন ভাড়াটে লোক নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা দোকান ঘর ভাঙচুরও করে। হামলায় তার ছোট ছেলে সাইদুল ইসলাম সজীব গুরুতর জখম হয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।
হামলায় নিহতের বাবা আবুল হোসেন খান (৬৫), মা পিয়ারা বেগম (৫৫), স্বজন হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) আহত হয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন, তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। পুরো ঘটনা তদন্তাধীন রয়েছে এবং আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
রিপোর্টারের নাম 
























