একসময় গ্রামবাংলার প্রকৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ তালগাছ আজ প্রায় বিলুপ্তির পথে। রবি ঠাকুরের ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে’ – এই পরিচিত চিত্রটি রায়গঞ্জের আকাশ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। বাবুই পাখির নিপুণ কারুকার্যে তৈরি বাসা বাতাসে দুলিয়ে যে নৈসর্গিক সৌন্দর্যের জন্ম দিত, তা এখন কেবলই স্মৃতির পাতায়। তালগাছ প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ায় বজ্রপাতের ঝুঁকি, বন্যা ও ভূমি ক্ষয়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বাড়ছে। গত কয়েক বছরে বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে গবাদিপশু ও কৃষকের মৃত্যুর ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে।
একসময় রাস্তার ধারে, পুকুরপাড়ে, বাড়ির আঙিনায় কিংবা বিস্তীর্ণ খেলার মাঠে সারি সারি তালগাছ চোখে পড়ত। কিন্তু কৃষিজমি সম্প্রসারণ, অপরিকল্পিত বৃক্ষনিধন এবং নতুন তালগাছ রোপণের উদ্যোগের অভাবে সেই দৃশ্য আজ বিরল। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর বলেন, তালগাছ কেবল প্রাকৃতিক সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি বজ্রপাতের মতো দুর্যোগ থেকে রক্ষাকবচ হিসেবেও কাজ করে। তালগাছ কমে যাওয়ায় বজ্রপাতে মৃত্যুর ঘটনাও বাড়ছে। এছাড়াও, বাবুই পাখির মতো দেশীয় পাখির আশ্রয়স্থল বিলুপ্ত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
অর্থনৈতিকভাবেও তাল ফল ও তালগাছ কৃষকদের সমৃদ্ধ করে। তালের মিষ্টি রসে ভিটামিন এ, বি ও সি এবং জিংক, পটাসিয়াম, আয়রন ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে। তালের মিষ্টি, গুড়, পায়েস ও পিঠা গ্রামবাংলার খাদ্য বৈচিত্র্যে প্রজন্মের পর প্রজন্ম ঐতিহ্য বহন করে আসছে। এছাড়াও, তালপাতা দিয়ে পাটি, চাটাই, মাদুর, হাতপাখা ও বিভিন্ন ধরনের কুটিরশিল্প পণ্য তৈরি হয়।
পরিবেশবিদদের মতে, তালগাছ কেবল একটি বৃক্ষ নয়, এটি গ্রামীণ জীবন, সংস্কৃতি ও পরিবেশের প্রতীক। এই গাছ হারিয়ে গেলে কেবল প্রকৃতির ভারসাম্যই বিঘ্নিত হবে না, বরং বাবুই পাখির নিরাপদ আবাসস্থল এবং গ্রামবাংলার এক অনন্য নান্দনিকতাও হারিয়ে যাবে।
রিপোর্টারের নাম 

























