কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের সঙ্গে বিশ্বব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে (Jean Pesme) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকের শুরুতে কৃষিমন্ত্রী বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। উত্তরে, প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে অভিনন্দন জানান। মন্ত্রী তাঁর বক্তব্যে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরেন, যা পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে। চলতি বছরে পরীক্ষামূলকভাবে দেশের ১১টি জেলার বিভিন্ন ব্লকে এই কার্যক্রম শুরু হচ্ছে এবং পর্যায়ক্রমে এটি দেশব্যাপী বিস্তৃত করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে, কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে তারা সহযোগিতার প্রস্তাব দেয়। মন্ত্রী বিশ্বব্যাংকের এই প্রস্তাবনাকে স্বাগত জানান এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর জোর দেন।
বৈঠকে মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এই ফলপ্রসূ বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ক আঞ্চলিক পরিচালক মিস দিনা উমালি-ডাইনিঙ্গার (Ms. Dina Umali-Deininger) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























