মালয়েশিয়া সরকার সম্প্রতি ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশে কঠোর নীতি গ্রহণ করেছে। এর ফলে দেশটিতে ভ্রমণকারী ইসরাইলি নাগরিকরা বিমানবন্দরে মারাত্মক হয়রানির শিকার হচ্ছেন এবং অনেককে আটকও করা হচ্ছে। গত কয়েক মাসে বেশ কয়েকজন ইসরাইলিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে বলে জানা গেছে।
ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অন্তত আটজন ইসরাইলিকে মালয়েশিয়া প্রবেশের সময় বা অন্য এশীয় দেশে যাওয়ার পথে ট্রানজিট হিসেবে ব্যবহারের সময় আটক করা হয়েছে। উল্লেখ্য, ইসরাইল ও মালয়েশিয়ার মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।
সম্প্রতি এক ঘটনায়, ফিলিপাইনগামী একটি ফ্লাইটে ট্রানজিটের সময় চারজন ইসরাইলি যুবক-যুবতীকে আটক করা হয়। তারা থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কিনা তা জানতে চেয়েছিলেন এবং একটি চ্যাটবট থেকে ইতিবাচক উত্তর পেয়েছিলেন। তবে মালয়েশিয়ায় পৌঁছানোর পর তাদের আটক করা হয়। এছাড়াও, কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে আরও দুজন ইসরাইলি পুরুষকে মালয়েশিয়ায় আটক করে পরে কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
সাধারণত এই আটকের ঘটনাগুলো ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান হলেও, অনেক সময় তা দীর্ঘায়িত হয়। বিশেষ করে যখন অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরাইলিদের প্রবেশে অস্বীকৃতি জানায়, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সিঙ্গাপুরে অবস্থিত ইসরাইলি দূতাবাসের হস্তক্ষেপে অবশ্য বেশ কয়েকজনকে মুক্ত করা সম্ভব হয়েছে।
ইসরাইলি রাষ্ট্রদূত এলিয়াহু ভেরেড হাজান মালয়েশিয়া ভ্রমণ থেকে ইসরাইলি নাগরিকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি নাগরিকদের জীবনের ঝুঁকি বিবেচনা করে ভ্রমণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং মালয়েশিয়া ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে ইসরাইলি নাগরিকদের লক্ষ্য করে আটকের ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভোগান্তি, বিলম্ব এবং অতিরিক্ত খরচ হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।
রিপোর্টারের নাম 
























