ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই হুঁশিয়ারি দিয়েছেন যে, খার্গ দ্বীপে কোনো হামলা চালানো হলে হামলাকারীরা জীবিত ফিরবে না। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
ইব্রাহিম রেজাই এক বিবৃতিতে বলেন, খার্গ দ্বীপে যেকোনো ধরনের আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে। যারা এই দ্বীপে হামলা চালানোর দুঃসাহস করবে, তাদের পরিণতি হবে ভয়াবহ এবং তারা কেউ আর জীবিত ফিরবে না।
ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র হিসেবে পরিচিত খার্গ দ্বীপ। দেশটির জ্বালানি রফতানির একটি বড় অংশ এই দ্বীপের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সাম্প্রতিক সময়ে এই দ্বীপকে ঘিরে উত্তেজনা এবং সামরিক সতর্কবার্তা বৃদ্ধি পাচ্ছে।
এর আগে, তেহরান জানিয়েছিল যে, গোয়েন্দা তথ্য অনুযায়ী শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। বার্তা সংস্থা আল-জাজিরা ইঙ্গিত দেয় যে, এই দ্বীপটি সম্ভবত খার্গ দ্বীপ। এর প্রতিক্রিয়ায় ইরান সতর্ক করে বলেছিল যে, যদি হামলা চালানো হয়, তবে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানের পার্লামেন্ট স্পিকারও জানিয়েছিলেন যে, ইরান শত্রুদের গতিবিধি নজরদারি করছে এবং তারা কোনো পদক্ষেপ নিলে, সেই আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক ও নিরলস হামলা চালানো হবে।
রিপোর্টারের নাম 
























