রোজা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসসহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের দীর্ঘ বিরতির পর আগামী রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দীর্ঘ এই ছুটির মেয়াদ শেষ হয়েছে। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম তুলনামূলক কম হয়েছে, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণে ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এবার রোজা ও ঈদের ছুটি ৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে অভিভাবকদের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ এবং নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়, যা নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হওয়ার ইঙ্গিত দেয়।
সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল।
এদিকে, প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে ঈদের ছুটির পর নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়।
রিপোর্টারের নাম 
























