বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে নিজস্ব অবস্থান পরিষ্কার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে আইপিএল প্রচারের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা এখনো বহাল আছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার’ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই ব্যাখ্যা দিয়েছে মন্ত্রণালয়। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, দ্য ডেইলি স্টারে প্রকাশিত ‘Govt lifts bar on IPL telecast in Bangladesh’ শিরোনামের সংবাদ এবং অন্যান্য গণমাধ্যমের খবরগুলো সঠিক নয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্তটি এখনো কার্যকর রয়েছে। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি পত্র প্রেরণ করেছে। ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রকাশিত সংবাদের ভিত্তিতে যে ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছে, তা দূর করার জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে জরুরি ভিত্তিতে এই প্রতিবাদলিপি প্রচারের অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
রিপোর্টারের নাম 
























