ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
চিফ হুইপ বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ এবং স্পিকারের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা রয়েছে। বাকি সব সংসদ সদস্য যাতে আবাসনের সুবিধা পান, সে চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সম্পন্ন হলে দ্রুততম সময়ে, অর্থাৎ ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে। সংসদ কমিটির পরবর্তী বৈঠক আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন কিছু সময়ের জন্য স্থগিত রাখতে হয়েছিল। পরের দিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে সংসদ কমিটির প্রথম বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, এই ঘটনার তদন্তে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, তারা ধারণা করছেন এখানে ‘রিয়েলি একটা স্যাবোটাজ’ হয়েছে। শব্দযন্ত্রের সমস্যার মূল কারণ খুঁজে বের করতে বুয়েট থেকে বিশেষজ্ঞ আমন্ত্রণ জানানো হয়েছে। তদন্ত কমিটি দুটি বিষয় খতিয়ে দেখবে— কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কাজ হয়েছে কিনা এবং সাউন্ড সিস্টেমের প্রকৃত সমস্যা কী এবং এর সমাধান কীভাবে করা যায়।
রিপোর্টারের নাম 
























