দেশের চিকিৎসা শিক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স চালু করা হয়েছে। গত শনিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির লোকাল হেলথ ডিস্ট্রিক্টর ও ইমার্জেন্সি মেডিসিন বিষয়ক সহযোগী অধ্যাপক ডা. রেজা আলী। সভায় বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক, ডিন, পরিচালক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ফ্যাকাল্টিরাও এতে অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এই কোর্স চালুর মাধ্যমে বাংলাদেশ জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক ঐতিহাসিক দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। নবীন চিকিৎসকরা দেশ ও বিদেশের প্রখ্যাত ফ্যাকাল্টিদের তত্ত্বাবধানে নিজেদের ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলার সুযোগ পাবেন, যা দেশের রোগীদের উচ্চ মানসম্মত জরুরি চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা আরও উল্লেখ করেন, প্রতি বছর বিএমইউর অধীনে জরুরি স্বাস্থ্যসেবা বিষয়ে ভর্তি হওয়া চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা খাতে মানসম্পন্ন, আধুনিক ও জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এই অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রিপোর্টারের নাম 
























