বর্তমান পোশাকে বাংলাদেশ পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনী যাতে তাদের অতীতের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরে পায়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে পুলিশের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু। এই সরকারের লক্ষ্য হলো পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে একটি আধুনিক, সেবামুখী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করা। তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রকাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতেই এই কমিশন গঠন করা হয়েছে এবং অচিরেই এর সুফল সবাই পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এবারের ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) তাদের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করছেন।
রিপোর্টারের নাম 
























