জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নিশ্চিত করেছে যে দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতির সম্ভাবনা নেই। শনিবার (২৮ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই, আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
জ্বালানি বিভাগ আরও জানিয়েছে যে পেট্রল, অকটেন ও ডিজেলের মতো দাহ্য পদার্থ অতিরিক্ত পরিমাণে মজুত করা অত্যন্ত বিপজ্জনক। তাই, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিজেদের সাবধান হওয়ার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সতর্ক করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় রয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুতকে ‘না’ বলার আহ্বান জানানো হয়েছে।
সরকার এখনও পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ায়নি জানিয়ে বলা হয়েছে যে, সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল ক্রয় করছে। ফলে, জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। তাই, অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুত না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, দেশের সকল পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ছাড়া জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
এছাড়াও, জ্বালানি তেল মজুত প্রতিরোধ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধির কারণে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























