কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীর একটি বক্তব্যকে কেন্দ্র করে জেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি দাবি করেন, ‘সরকার আমাদের, তাই আমরা আগের জেলা প্রশাসককে বদলি করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘তিনি এমন কাজ করবেন বুঝতে পারিনি, বুঝতে পারলে আগেই ব্যবস্থা নিতাম।’
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রুমী অভিযোগ করেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি এক লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হতেন। কিন্তু প্রশাসনের কিছু ‘গাদ্দার’ এবং নিজ দলের কিছু নেতার কারণে তিনি প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তিনি দাবি করেন, নির্বাচনে তিনি মোট ১ লক্ষ ৪০ হাজার ভোট পেয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন যে, কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং কুমারখালী ও খোকসা উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা তার বিরুদ্ধে কাজ করেছেন। এই বিষয়ে তিনি হাইকোর্টে একটি মামলাও করেছেন, যার শুনানি আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, ‘আমি যা বলেছি, সেটাই সত্য। এতে কে কী মনে করলো, তা আমি বিবেচনা করি না।’
এদিকে, জেলা প্রশাসন আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার জসীম উদ্দীন এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ঘটনাটি কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 























