যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা মূল্যায়নকারী প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬-এর ‘কৃষি ও বনায়ন’ (Agriculture & Forestry) বিভাগে এবার প্রথমবারের মতো বিশ্বে ৪০১–৪৭৫তম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এটি বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন এবং মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ২৫ মার্চ ২০২৬ তারিখে কিউএস তাদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিং তালিকা প্রকাশ করে। গাকৃবির জনসংযোগ শাখার সেকশন অফিসার মো. রনি ইসলাম শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর পূর্বে কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল বিশ্বের ১০৭১–১০৮০-এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের এই উল্লেখযোগ্য অগ্রগতি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ গড়ে তোলার সুফল বলে মনে করা হচ্ছে।
প্রকাশিত এই তালিকায় ‘কৃষি ও বনায়ন’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে Wageningen University & Research এবং দ্বিতীয় স্থানে রয়েছে University of California। কিউএসের এই মূল্যায়ন প্রক্রিয়ায় বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার অধীনে ১,৯০০টিরও বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারেরও বেশি একাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও পাঁচটি ফ্যাকাল্টির ভিত্তিতে বিচার-বিশ্লেষণ করা হয়েছে।
এর আগে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এ গাকৃবি দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। এছাড়াও, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি তৃতীয় এবং পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে পঞ্চম স্থান লাভ করেছিল। আন্তর্জাতিক স্বীকৃতির এই ধারা অব্যাহত রেখে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এও গাকৃবি দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। একইসঙ্গে টিএইচই সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬-এ ‘লাইফ সায়েন্স’ বিভাগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে। এছাড়া, THE Impact Rankings ২০২৫-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৫-এর ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ তালিকায়ও গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থান লাভ করেছে।
রিপোর্টারের নাম 
























