ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় একজন সাদাসিধে, মানবিক এবং সহজ-সরল মানুষ। পীড়িত মানুষের সেবা করাই তাঁর প্রধান ব্রত। তাঁর সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে দেখেছি, তিনি সবসময় রাজনীতির সরল পথে চলেছেন এবং সেই আদর্শকে সমুন্নত রেখেই বাংলাদেশি জনগণের অধিকার আদায়ে সফল হয়েছেন। মানুষের দোয়া এবং তাঁর সততার কারণেই আজ তিনি দেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন হয়েছেন।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ জপেল চাকমার পড়াশোনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হওয়া সত্ত্বেও তারেক রহমানের জীবনযাত্রা অত্যন্ত বিনয়ী ও সাধারণ। তাঁর এই রাজনৈতিক ঐতিহ্য এবং মানবিক গুণাবলি কেবল এই উপমহাদেশে নয়, বিশ্ব রাজনীতিতেও বিরল। তিনি কেবল কথায় নয়, কাজে বিশ্বাসী। সরকারি ছুটির দিনেও তিনি আর্তমানবতার সেবায় আমাদের মাধ্যমে কাজ করিয়ে নেন। এমনকি পশুপাখির প্রতিও তাঁর মমতা আমাদের জন্য শিক্ষণীয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর হেলাল চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং জপেল চাকমার জন্য মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেন। এছাড়াও ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকে চিকিৎসায় সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।
রিপোর্টারের নাম 
























