গাইবান্ধার পলাশবাড়ী থানায় পুলিশ সদস্যকে মারধর এবং বাকবিতণ্ডার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার ভোররাতে থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল পৌর এলাকার গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি। তিনি একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এর আগে তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির এবং উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাত ১০টার দিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা মাহমুদুল ইসলাম ও তার কয়েকজন কর্মী একটি অভিযোগপত্র নিয়ে থানায় আসেন। অভিযোগপত্র জমা দেওয়ার সময় এক পর্যায়ে কথা কাটাকাটির সূত্র ধরে উপস্থিত জামায়াত কর্মীরা ওসিসহ অন্যান্য পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এই ঘটনায় ওসি সহ মোট ৮ জন পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে, এই ঘটনার প্রেক্ষিতে থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখোয়াত হোসেন।
রিপোর্টারের নাম 























