শুক্রবার বিকেল ৪টার দিকে যশোর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। নড়াইল এক্সপ্রেস পরিবহনের বাসটিতে আগুন লাগার সময় সকল যাত্রী অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারলেও তাদের সঙ্গে থাকা মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে।
বাসের যাত্রী সুকান্ত জানান, বিকেল ৪টার দিকে নড়াইল এক্সপ্রেসের বাসটি যশোর শহরের মণিহার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। কিছুদূর যাওয়ার পরই ফতেপুর দাইতলা এলাকায় বাসের ইঞ্জিন থেকে আগুন জ্বলে ওঠে। চালক দ্রুত বাসটি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসের আরেক যাত্রী হোসাইন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই পুরো বাসটি আগুনের গ্রাসে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা এবং যাত্রীরা অভিযোগ করেছেন যে, বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল। যশোর মণিহার কাউন্টারে বাসটি মেরামতের চেষ্টা করা হলেও সম্পূর্ণ ত্রুটি দূর হয়নি। কর্তৃপক্ষের জোরপূর্বক চালককে বাসটি চালাতে বাধ্য করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। আগুন লাগার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রিপোর্টারের নাম 























