কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার কালিকাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল (৭০) নামে একজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার কালিকাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল দেবিদ্বার উপজেলার সিবনাগড় গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিউ সুগন্ধা নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সজোরে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার এক যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কালিকাপুরে সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
রিপোর্টারের নাম 






















