দিনাজপুরের কাহারোলে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এসে হিটস্ট্রোকে এনায়েতুল করিম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, ২৬ মার্চ, সকালের দিকে কাহারোল উপজেলার সুন্দইল আছমা লতিফা ফিলিং স্টেশনে।
নিহত এনায়েতুল করিম বীরগঞ্জ উপজেলার সাতোঁর ইউনিয়নের সাতোঁর গ্রামের বাসিন্দা এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তিনি তার শ্বশুরবাড়ি, কাহারোল উপজেলার ইছাইল গ্রাম থেকে ফেরার পথে ফিলিং স্টেশনে তেল দেওয়ার দৃশ্য দেখে সেখানে তেল নিতে প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে, এনায়েতুল করিম সকালে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সুন্দইল আছমা লতিফা ফিলিং স্টেশনের কাছে পৌঁছে তিনি তেল নেওয়ার জন্য পাম্পের ভিতরে প্রবেশ করেন। দীর্ঘক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে তিনি অতিরিক্ত ঘামতে শুরু করেন এবং এক পর্যায়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন।
তেলের জন্য অপেক্ষমাণ অন্যান্য লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করে জানান, তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























