কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজার সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী তিথিতে পুণ্যস্নানে লক্ষাধিক হিন্দু ধর্মাবলম্বীর সমাগম ঘটেছে। বৃহস্পতিবার ভোর থেকেই পাকুন্দিয়ার আশপাশসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মের পূণ্যার্থীরা এখানে আসতে শুরু করেন।
পাপমোচনের আশায় ফুল, ডাব, ধান ও দুর্বা দিয়ে পুণ্যার্থীরা স্নান উৎসব সম্পন্ন করেন। এই উৎসবকে কেন্দ্র করে নদের পাড়ে একটি লোকজ মেলার আয়োজন করা হয় এবং স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
পুণ্যার্থীরা জানান, প্রতি বছরই তারা এখানে স্নান করতে আসেন এবং এবারও মানুষের সমাগম অনেক বেশি। তারা সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন, যা প্রতি বছরই পুণ্যার্থীদের ভিড় বাড়াতে সাহায্য করছে। মনোহরদী থেকে আসা গৌতম দাস নামের এক পুণ্যার্থী বলেন, পরিবার নিয়ে এখানে পুণ্যের আশায় স্নান করতে এসেছি এবং পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।
পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, সনাতন ধর্মালম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে মঠখোলা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশা করা যায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
পাকুন্দিয়ার ইউএনও রূপম দাস জানান, অষ্টমী স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে উপজেলা প্রশাসন সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
রিপোর্টারের নাম 

























