পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৫০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে। বুধবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন বিষয়টি নিশ্চিত করেছে।
অনুমোদিত এই বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি জামানতবিহীন, অরুপান্তরযোগ্য এবং সম্পূর্ণ রিডিমেবল। ৬ মাস থেকে ৫ বছর মেয়াদী এই বন্ডের জন্য কোনো সুদ প্রদান করা হবে না, বরং মেয়াদ শেষে এটি অভিহিত মূল্যে ফেরতযোগ্য হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এই বন্ডটি মূলত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদের জন্য প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
বিএসইসি জানিয়েছে, এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। এছাড়া ফান্ড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড। শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের বন্ড দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























