মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে লেবাননের ভূখণ্ড নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তিনি জানিয়েছেন, চলমান সামরিক অভিযানের মাধ্যমে লেবাননের মানচিত্র বদলে দিতে চায় ইসরাইল। স্মোটরিচ স্পষ্টভাবে লিতানি নদী পর্যন্ত ইসরাইলের সীমান্ত সম্প্রসারণের দাবি তুলেছেন, যা মূলত লেবাননের সার্বভৌমত্বের ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।
একটি বেতার সাক্ষাৎকারে ইসরাইলি মন্ত্রী বলেন, এই যুদ্ধ কেবল হিজবুল্লাহকে দমানোর জন্য নয়, বরং এই অঞ্চলের বাস্তবতাকে চিরতরে বদলে দেওয়ার একটি সুযোগ। তিনি মনে করেন, ইসরাইলের নতুন সীমান্ত লিতানি নদী পর্যন্ত হওয়া উচিত। ইতিমধ্যে ইসরাইলি বাহিনী লিতানি নদীর ওপর অবস্থিত বেশ কিছু গুরুত্বপূর্ণ সেতুতে বিমান হামলা চালিয়েছে, যার ফলে দক্ষিণ লেবাননের সঙ্গে দেশটির বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে ইসরাইলের এমন পদক্ষেপকে বড় ধরনের স্থল অভিযানের পূর্বপ্রস্তুতি হিসেবে দেখছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সেতুগুলোতে হামলা চালিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যই হলো বড় কোনো সামরিক আগ্রাসন চালানো। আন্তর্জাতিক মহলে ইসরাইলি মন্ত্রীর এই বক্তব্য নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 
























