লক্ষ্মীপুরের রামগঞ্জে জায়গাজমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভোলাকোট গ্রামের তোরাব মিজি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের সাজিবাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্র জানায়, নিহত তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম তার পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে ওই বাড়িতে গিয়েছিলেন।
এ সময় ফাতেমা বেগমের ভায়রা নুর ইসলাম এবং তার দুই ছেলে মাহফুজ ও শুক্কুরসহ একই বাড়ির আরও কয়েকজন মিলে তাজুল ইসলামের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন তাজুল ইসলাম।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাশের বাড়ির বাসিন্দা মনির হোসেন জানিয়েছেন, এই জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে জেলা আদালতে মামলা চলছিল।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে জানিয়ে তিনি বলেন, সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
রিপোর্টারের নাম 

























