চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র যুদ্ধাবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মধ্যপ্রাচ্যগামী এবং প্রবাসফেরত যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে। রবিবার (২২ মার্চ) গভীর রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক প্রেস বুলেটিনে এই তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি ফ্লাইট। এছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও আগত মোট দুটি ফ্লাইট (একটি আগমন ও একটি বহির্গমন) এবং এয়ার অ্যারাবিয়ারও দুটি ফ্লাইট (একটি আগমন ও একটি বহির্গমন) বাতিল করা হয়েছে।
এই বিপর্যয়ের মধ্যেও রবিবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য রুটে মোট ১২টি আন্তর্জাতিক ফ্লাইট (৬টি আগমন ও ৬টি বহির্গমন) সচল ছিল। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট বিপর্যয় শুরু হয়। রোববারের এই পাঁচটি ফ্লাইটসহ এ পর্যন্ত এই বিমানবন্দর থেকে সর্বমোট ১৬৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।
রিপোর্টারের নাম 

























