কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের লাশ অ্যাম্বুলেন্সে করে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির কুমিল্লা মহানগরী শাখা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্বও জামায়াতে ইসলামী নেবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং মহানগরীর সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল। মাওলানা এ টি এম মাসুম বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব এবং এই উদ্যোগ শোকাহত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে রেল ক্রসিংগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। নেতৃবৃন্দ আহতদের উন্নত ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন। ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) এর একটি টিম সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম তদারকি করছে বলে জানা গেছে। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























